নতুন অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ খাতে মোট ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ৩৮ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি উন্নয়ন ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৬১১ কোটি টাকা। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সেবাখাতে পরিচালন ব্যয় হিসেবে বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৯৫৯ কোটি টাকা।
তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে সেই বরাদ্দ কমে ৪০ হাজার ৫০২ কোটি টাকায় দাঁড়ায়।
এদিন বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে এটিই প্রথম জাতীয় বাজেট।
সরকার এবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।