পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলাকালে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটারদের রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি ভোটারদের উদ্দেশে অংশগ্রহণ বাড়ানোর অনুরোধ জানান।
তিনি লেখেন, ‘যারা আজ ভোট দিচ্ছেন, তাদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন এবং আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন। বিশেষত পশ্চিমবঙ্গের নারী ও যুব সম্প্রদায়ের বিপুল পরিমাণে ভোটদান করা জরুরি।’
এর আগের প্রথম দফার ভোটের দিনও একই ধরনের বার্তা দিয়েছিলেন তিনি।
এদিকে বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮ দশমিক ৩৯ শতাংশ।
এর আগে প্রথম দফার ভোটে উচ্চ ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায় বলে জানায় কমিশন। ওই দফায় ভোটের হার ছিল ৯৩ দশমিক ১৯ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যটিতে মোট ১৫২টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটার সংখ্যা প্রায় ৩ কোটি ৩৬ লাখ।