পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের কলাওপাড়া গ্রামের বানাতিবাজার সংলগ্ন একটি মাঠে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আল আমিন (৩৬), তিনি ওই এলাকারই বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর ‘খ’ সার্কেল, কলাপাড়া কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে আল আমিনের কাছ থেকে অবৈধভাবে সংরক্ষিত ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তিকে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদকের আদালতে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিনুল কবীর। সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।