বগুড়ার বাঘোপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে গুরুতর আহত যুবদল কর্মী মো. নয়ন হোসেনের সম্পূর্ণ চিকিৎসা সহায়তার দায়িত্ব নিয়েছেন 'আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার প্রধানের বিশেষ নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নয়নের চোখের উন্নত চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়েছে।
দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের নিবিড় পর্যবেক্ষণে এই চিকিৎসা কার্যক্রম চলছে। নয়নের চিকিৎসার খোঁজখবর নিতে এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
উল্লেখ্য, বগুড়ার বাঘোপাড়ার স্থানীয় বাসিন্দা ও আর্থিক অসচ্ছল পরিবারের সন্তান নয়ন হোসেন ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি চলাকালীন পুলিশের গুলিতে গুরুতর আহত হন। দীর্ঘ দিন ধরে অর্থের অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল, যা জানতে পেরে বর্তমান প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।