জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে।
ইনকিলাব মঞ্চের দাবি, সংঘর্ষের সময় সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। পাশাপাশি সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে বলেও দাবি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে গেলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়।
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে সংঘর্ষের বিষয়টি জানায়। পোস্টে বলা হয়, সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
পরে আরেকটি ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়,
“আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।”
এর আগে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চের নেতারা।