বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

পূর্ব লন্ডনের চার বরোতে বাংলাদেশি বংশোদ্ভূত ৮০ জন কাউন্সিলর নির্বাচিত

যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ দীর্ঘদিনের হলেও এবারের স্থানীয় সরকার নির্বাচনে তারা এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন।

পূর্ব লন্ডনের চার বরোতে বাংলাদেশি বংশোদ্ভূত ৮০ জন কাউন্সিলর নির্বাচিত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ দীর্ঘদিনের হলেও এবারের স্থানীয় সরকার নির্বাচনে তারা এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন।

পূর্ব লন্ডনের চারটি প্রধান বরো—টাওয়ার হ্যামলেটস, নিউহাম, রেডব্রিজ এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে বাংলাদেশি বংশোদ্ভূত ৮০ জন প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ইতিহাসে এটিকে অন্যতম বৃহত্তম সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এবারের নির্বাচনে লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে তিন শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে বিজয়ী ৮০ জন কাউন্সিলর বিভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করছেন। বিজয়ীদের তালিকায় লেবার পার্টি ও গ্রিন পার্টির পাশাপাশি স্বতন্ত্র ও আঞ্চলিক রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রার্থীদের আধিপত্য ছিল লক্ষ্যণীয়। নির্বাচিতদের মধ্যে রয়েছেন হোসেইন মোহাম্মদ এনামুল, মঈন কাদরী, অজন্তা দেব রায়, রাবিনা খান, সাঈদা চৌধুরী, সৈয়দা সায়মা আহমেদ, আবু তালহা চৌধুরী, শাফিক ইসলাম এবং ওলিউর রহমানের মতো পরিচিত মুখগুলো।

সবচেয়ে বড় চমক দেখা গেছে টাওয়ার হ্যামলেটস বরোতে। এখানে ৪৫টি আসনের মধ্যে ৩৩টিতেই জয় পেয়েছে এসপায়ার পার্টি, যার বিজয়ী সব প্রার্থীই বাংলাদেশি বংশোদ্ভূত। এছাড়া লেবার পার্টি থেকে ৩ জন এবং লিবারেল ডেমোক্র্যাট থেকে একজন নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এই বরোতে লুৎফুর রহমান ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।

নিউহাম বরোতেও বাংলাদেশিদের জয়জয়কার ছিল চোখে পড়ার মতো। সেখানে ১২ জন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে, ৬ জন লেবার পার্টি থেকে এবং একজন গ্রিন পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে এই বরোর সবচেয়ে ঐতিহাসিক ঘটনা হলো ফরহাদ হোসেনের বিজয়। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি যুক্তরাজ্যের মূলধারার কোনো বড় দল থেকে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

অন্যদিকে, রেডব্রিজে ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ৯ জন লেবার পার্টির এবং ৫ জন স্বতন্ত্র। বিশেষ করে ইলফোর্ড এলাকায় বাংলাদেশি প্রার্থীদের শক্তিশালী প্রভাব স্পষ্ট হয়েছে। এছাড়া বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে নির্বাচিত ১০ জন বাংলাদেশির মধ্যে ৮ জন লেবার পার্টির এবং ২ জন গ্রিন পার্টির হয়ে জয়লাভ করেছেন। সব মিলিয়ে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির এই বিজয় যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান সক্ষমতারই বহিঃপ্রকাশ।