বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

প্যানিক হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন : জ্বালানি মন্ত্রী

দেশে বর্তমান জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্যানিক হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন : জ্বালানি মন্ত্রী
ছবিঃ সংগৃহীত

দেশে বর্তমান জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী স্পষ্ট করেছেন যে, দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে এবং সরকার নিয়মিত সরবরাহ বজায় রাখছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি না করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দিনরাত এই সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে খরচ বাড়লেও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে এবং তেলের দাম বৃদ্ধি করা হয়নি। তিনি জানান, গত বছরের তুলনায় বর্তমানে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ঈদ উপলক্ষে পরিবহন ও সরবরাহ ব্যবস্থা দুই দিন বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হলেও বর্তমানে তা সম্পূর্ণ স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে সরকারি এই আশ্বাসের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কণ্ঠে। সংগঠনটি তাদের দাপ্তরিক ফেসবুক পেজে এক সতর্কবার্তায় দাবি করেছে, জ্বালানি তেলের ঘাটতি এবং নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মালিক সমিতির এমন দাবির মুখে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করলেও সরকারের পক্ষ থেকে সরবরাহ স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অরাজকতা রোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।