জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার মধ্যেই নীরবতা ভেঙেছেন তাঁর সাবেক স্ত্রী ডা. সানিয়া শামসুন এশা। দীর্ঘদিনের প্রেমিকা কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে রাফসানের বিয়ের খবর প্রকাশ্যে আসার দুইদিন পর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে এশা জানান, অতীতের পরিচয় পেছনে ফেলে তিনি এখন নিজের ক্যারিয়ার ও আত্মপরিচয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান। তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী—এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না।”
নিজের ফেলে আসা কঠিন দিনগুলোর কথা স্মরণ করে এশা আরও যোগ করেন, “আমি নিজে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি। এই যাত্রাপথে কাছের ও অচেনা মানুষদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”
রাফসানের সঙ্গে নিজের নাম আর জড়াতে চান না উল্লেখ করে এশা তাঁর পোস্টে স্পষ্ট করেছেন, “আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটা—ডা. এশা। একটি নাম, একটি পরিচয়, যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।”
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব ও সানিয়া এশা। দীর্ঘ তিন বছর সংসার করার পর ২০২৩ সালের শেষ দিকে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সম্প্রতি রাফসান সাবাব সংগীতশিল্পী জেফার রহমানকে বিয়ে করার পর থেকেই বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া জানালেন ডা. এশা।