ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্রজগতের একাধিক পরিচিত মুখ। এর মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ বিক্ষোভকারীর মধ্যে ছিলেন তিনি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং ভোটার তালিকা সংশোধনের কার্যক্রম বন্ধ করতে হবে।
প্রকাশ রাজের প্রশ্ন
বিক্ষোভকারীদের আটকের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি কার্টুন প্রকাশ করেছেন অভিনেতা প্রকাশ রাজ। ব্যঙ্গচিত্রশিল্পী সতীশ আচার্যের আঁকা ওই কার্টুনের সঙ্গে তিনি লিখেছেন, ‘নাগরিকদের ভিন্নমত প্রকাশ থেকে আর কত দিন পালাবেন?’
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকে আটক করার ঘটনা নিয়েও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রকাশ রাজ। সেখানে তিনি প্রশ্ন তোলেন, তরুণদের বিমান কিংবা বাসা থেকে আটক করা হচ্ছে, এমনকি তাঁদের প্রতিবাদস্থলে পৌঁছাতেও বাধা দেওয়া হচ্ছে—এ কেমন পরিস্থিতি?
প্রকাশ রাজের ভাষ্য, ‘আপনারা আমাদের কণ্ঠকে গ্রেপ্তার করেননি, নিজেদেরই গ্রেপ্তার করেছেন।’ গণতন্ত্রকে ধ্বংস হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার লড়াই চলবে। এর আগেও প্রতিবাদ কর্মসূচির অনুমতি না দেওয়া এবং দিল্লিতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই অভিনেতা।
অনুরাগের চোখে ‘লাখ লাখ সাহসী মানুষ’
দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও ধরপাকড়ের সমালোচনা করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপও। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘দুই ভিতু, ৪০ হাজার দাস, লাখ লাখ সাহসী মানুষ।’
অন্য একটি পোস্টে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার সরাসরি সম্প্রচার অনুসরণ করার আহ্বান জানান অনুরাগ। দিল্লি হাট এলাকায় কয়েক শ মানুষকে নিয়ে প্রতিবাদ শুরু করার পর নেহাকেও আটক করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিশালের অভিযোগ, একজনকে রক্ষায় এত আয়োজন
সংগীতশিল্পী বিশাল দাদলানি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, একজনকে রক্ষা করতে গিয়ে সরকার দেশের মানুষের প্রতিবাদ করার অধিকারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
বিশাল দাদলানির দাবি, বিক্ষোভ দমনে ২৩টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার বিষয়গুলোও তাঁর বক্তব্যে উঠে এসেছে।
তাঁর মতে, একজনকে রক্ষা করতে পুরো ব্যবস্থাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে নাগরিকদের প্রশ্ন তোলা উচিত। এর আগেও সিজেপির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন বিশাল। গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে সংগঠনটির কর্মসূচিতে অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমিও অংশ নিয়েছিলেন।
অপূর্ব আসরানি, শিরীষ কুন্দর ও বীর দাসের প্রতিবাদ
চলচ্চিত্র সম্পাদক ও নির্মাতা অপূর্ব আসরানি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আইনজীবী রত্না সিংহ এবং ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাকে বলুন, এটা স্বৈরাচার নয়।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘গণতন্ত্রের অবসান।’
পরিচালক শিরীষ কুন্দর প্রশ্ন তুলেছেন, নিজের দেশের মানুষের কাছ থেকে নিজেদের রক্ষা করতে বলপ্রয়োগ করতে হলে এমন ব্যবস্থা আর কত দিন টিকে থাকতে পারে? তাঁর আরেকটি পোস্টে বলা হয়, শিশুরাও যখন কাউকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, তখন বুঝতে হবে মানুষ আর তাকে ভয় পাচ্ছে না।
পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানেও ইনস্টাগ্রাম স্টোরিতে আন্দোলনকারীদের আটকের নিন্দা জানিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। অন্যদিকে, অভিনেতা মোহাম্মদ জিশান আইয়ুব জার্মান নাট্যকার বার্টোল্ট ব্রেখটের একটি কবিতার হিন্দি অনুবাদ শেয়ার করে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
কৌতুকশিল্পী বীর দাস এক্সে ‘স্ট্রাইস্যান্ড এফেক্ট’-এর ব্যাখ্যা দেওয়া একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। কোনো বিষয়কে চাপা দেওয়ার চেষ্টা উল্টো সেটিকে আরও বেশি মানুষের নজরে নিয়ে এলে সেই ঘটনাকে ‘স্ট্রাইস্যান্ড এফেক্ট’ বলা হয়। তাঁর পোস্টের ইঙ্গিত ছিল, বিক্ষোভ থামানোর চেষ্টা উল্টো ঘটনাটিকে আরও আলোচনায় নিয়ে আসতে পারে।
মুম্বাইয়ে আটক অভিনেতা ইমরান খান
দিল্লির বাইরেও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে মুম্বাইয়ে। হিন্দুস্তান টাইমসের সরাসরি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ বিক্ষোভকারীর মধ্যে ছিলেন অভিনেতা ইমরান খান।
তবে তাঁকে আটকের সুনির্দিষ্ট কারণ, আটকের পর কোথায় নেওয়া হয়েছে কিংবা পরে তিনি মুক্তি পেয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সুনীল লাহিড়ির সতর্কবার্তা, মনোজ মুনতাশিরের সমালোচনা
‘রামায়ণ’ সিরিজে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া সুনীল লাহিড়ি সরাসরি কোনো পক্ষের প্রতি সমর্থন না জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে খুব সতর্কভাবে ও ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। একটি ভুল পদক্ষেপের পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে।’
অন্যদিকে, গীতিকার মনোজ মুনতাশির আন্দোলনের নেতৃত্ব ও উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছেন। প্রায় ৮ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
মনোজের দাবি, তরুণেরা ভোট চুরির অভিযোগে প্রতিবাদে অংশ নিচ্ছেন। তবে আন্দোলনের পেছনের তথ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাঁদের আরও জানার প্রয়োজন রয়েছে।
অভিজিৎ দীপকের সঙ্গে আম আদমি পার্টির (এএপি) সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে মনোজ অভিযোগ করেন, নির্বাচনে পরাজয়ের পর আবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে দলটি তরুণদের উদ্যম কাজে লাগাচ্ছে।
ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে