শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রাইড শেয়ার বাইকারদের জন্য তেল কেনায় নতুন সীমা নির্ধারণ

চলমান জ্বালানি সংকটের মধ্যেই মোটরসাইকেলভিত্তিক রাইড শেয়ার চালকদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে সরকার। মহানগর এলাকায় এখন থেকে রাইড শেয়ারিং সেবায় যুক্ত বাইকাররা একবারে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল কিনতে পারবেন।

রাইড শেয়ার বাইকারদের জন্য তেল কেনায় নতুন সীমা নির্ধারণ

চলমান জ্বালানি সংকটের মধ্যেই মোটরসাইকেলভিত্তিক রাইড শেয়ার চালকদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে সরকার। মহানগর এলাকায় এখন থেকে রাইড শেয়ারিং সেবায় যুক্ত বাইকাররা একবারে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল কিনতে পারবেন।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, জনগণের মধ্যে তৈরি হওয়া ভয় ও আতঙ্ক কমাতে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনা আপাতত শুধুমাত্র মহানগর এলাকায় কার্যকর থাকবে।

বিপিসি জানিয়েছে, দেশে জ্বালানি তেলের আমদানি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে এবং নিয়মিতভাবে বিদেশ থেকে জ্বালানির চালান দেশে পৌঁছাচ্ছে। পাশাপাশি প্রধান স্থাপনাগুলো থেকে দেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলভিত্তিক রাইড শেয়ার চালকেরা একবারে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন।

তবে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় চালককে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদের মূল কপি জমা দিতে হবে। এছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করে তেল সরবরাহ করা হবে।

বিপিসি আরও জানায়, সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বাধ্যতামূলক এবং সংকটের অজুহাতে অতিরিক্ত দাম নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে দেশে জ্বালানি তেলের দাম প্রতি মাসের শুরুতে সরকার নির্ধারণ করে থাকে।

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিপিসি সংশ্লিষ্ট সব ভোক্তা ও ডিলারদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা যায়।