নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা—এমন অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক বিএনপি সমর্থককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নারুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের বাসিন্দা এবং আজগর আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৫৪টি লাঠি এবং পাঁচ ব্যাগ ইট-পাটকেল উদ্ধার করা হয়। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে পরিচিত হিলালকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, “অভিযান পরিচালনাকালে নাড়ুয়া বাজার থেকে বিপুল পরিমাণ লাঠি, ইটপাটকেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদের ধানের শীষের পোস্টার ও লিফলেট ছিল। ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় নির্বাচনে প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুত রাখার দায়ে দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মাঠপর্যায়ে নজরদারি ও অভিযান চলমান থাকবে।