রাজবাড়ী জেলায় প্রথম ধাপের পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ২০১টি পরিবার 'ফ্যামিলি কার্ড' এর আর্থিক সুবিধা পেতে যাচ্ছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত সারাদেশে নির্বাচিত ১০টি জেলার মধ্যে এই কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পের সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক জানান, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ৮২৬টি পরিবারের তথ্য প্রাথমিকভাবে সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে অনলাইন যাচাই-বাছাই শেষে ১ হাজার ৪০৪ জনের তথ্য চূড়ান্ত করা হয়েছে। কারিগরি জটিলতার কারণে ২০৩ জনের অর্থ প্রদান বর্তমানে প্রক্রিয়াধীন থাকলেও বাকি ১ হাজার ২০১ জন পরিবার পবিত্র ঈদুল ফিতরের আগেই কার্ডের টাকা হাতে পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, দ্রুতই বাকিদের সমস্যার সমাধান হয়ে যাবে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ এই উদ্যোগকে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সারাদেশের ৪৯২টি উপজেলার মধ্যে পাংশা উপজেলাকে এই গুরুত্বপূর্ণ পাইলটিং প্রোগ্রামে অন্তর্ভুক্ত করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।