রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেন, বর্তমানে আগের মতো বড় কোনো শীর্ষ সন্ত্রাসী সক্রিয় নেই, তবে তাদের সহযোগীরা এখনো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, অতীতে পরিচিত শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এখনো অপরাধমূলক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ কারণে তালিকা নিয়মিত আপডেট করা হচ্ছে এবং কেউ সক্রিয় হওয়ার আগেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নবনির্মিত পুলিশ ক্যাম্পটি এ এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং কোনো তথ্য পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে জনবলও বাড়ানো হবে।
মো. সরওয়ার বলেন, কারওয়ান বাজারকে অপরাধমুক্ত করার লক্ষ্যেই এই ক্যাম্প চালু করা হয়েছে। রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি জানান, বর্তমানে মাদক ও চাঁদাবাজিবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং এরই মধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোপন নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে।
থানায় মামলা গ্রহণে অনীহা সংক্রান্ত অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো থানায় মামলা না নেওয়া হলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী কমিশনার, উপ-কমিশনার বা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ এলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হবে বলেও তিনি জানান।