রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বড় মগবাজার এলাকার ‘তিনতারা’ হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে হাতিরঝিল থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ফয়সাল গনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দলইয়া গ্রামের মো. ওসমান গনির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ তিনি ওই হোটেলের ২২৪ নম্বর কক্ষে ওঠেন। আজ মঙ্গলবার তাঁর কক্ষ ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ ডাকাডাকি ও দরজায় ধাক্কাধাক্কি করে। ভেতর থেকে কোনো সাড়া না মেলায় তারা বিষয়টি থানায় অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।