রাজধানীর মোহাম্মদপুরে মো. আরমান হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শের শাহ শুরী রোডের একটি বাসভবন থেকে তার দেহ উদ্ধার করা হয়। নিহত আরমান হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। দ্রুত ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের দাবি, দীর্ঘ সময় কারাভোগের পর তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছিলেন। জীবনযাপনে আর্থিক টানাপোড়েনের পাশাপাশি বিভিন্ন পারিবারিক জটিলতায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। পরিবারের ধারণা, এসব সংকটের জেরে মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।