মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

শনিবার নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সমালোচনা করেন। রাশেদ খাঁন তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, রাজনীতির আড়ালে ধর্মীয় ভণ্ডামি কখনোই কোনো সুস্থ বা নতুন ধারার রাজনীতি হতে পারে না।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শহীদ ওসমান হাদী মৃত্যুর আগে এনসিপির তিনটি সুনির্দিষ্ট অপরাধের কথা বলে গিয়েছিলেন। প্রথমত, আওয়ামী লীগ যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধকে নিজেদের একক সম্পদ মনে করত, এনসিপিও ঠিক একইভাবে জুলাই বিপ্লবকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, এনসিপির অনেক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ওসমান হাদী প্রশ্ন করেছিলেন যে, বিপ্লবের সময় নিঃস্ব থাকা কর্মীরা মাত্র কয়েক মাসের ব্যবধানে কীভাবে কোটি টাকার মালিক বনে গেলেন। তৃতীয়ত, জুলাই বিপ্লবের যে বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা এনসিপির কারণে নষ্ট হয়েছে বলে হাদী মনে করতেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে এসব সত্য বলার কারণে সংগঠনের শীর্ষ নেতারা ওসমান হাদী জীবিত থাকাকালীন তাকে এড়িয়ে চলতেন এবং তাকে যথাযথ মর্যাদা দিতেন না। কিন্তু তিনি মারা যাওয়ার পর রহস্যজনকভাবে তাকে এনসিপির আইডল বা আদর্শ হিসেবে উপস্থাপন করা শুরু হয়েছে। এমনকি আসন্ন জাতীয় নির্বাচনের আগে হাদীকে তাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা হিসেবে প্রচার করার চেষ্টা চলছে। রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ওসমান হাদী বেঁচে থাকাকালীন যেসব অভিযোগ করেছিলেন, এনসিপি কি কখনো তার কোনো সদুত্তর দিয়েছে?

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এখন মসজিদে মসজিদে গিয়ে ওসমান হাদীর নাম নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন করেন, নাসীরুদ্দীন কি আসলেই হাদীর আদর্শ ধারণ করেন, নাকি তাকে নিজের রাজনৈতিক স্বার্থের ‘ট্রাম কার্ড’ হিসেবে ব্যবহার করছেন? রাশেদ খাঁন মনে করেন, অতীতের আওয়ামী লীগের মতোই এনসিপি এখন ওসমান হাদীর জনপ্রিয়তা ব্যবহার করে রাজনীতি করছে। তিনি সতর্ক করে বলেন, কোনো শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হলে তার সার্বজনীন মর্যাদা নষ্ট হয়, যা কারো কাম্য হওয়া উচিত নয়। সবাইকে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি তাকে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।