রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোরস্থান মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে মো. নাবিল নামের ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের আগে আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত নাবিল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী দক্ষিণপাড়া (বাগানপাড়া) এলাকার সাগর আলী ও দিলরুবা দম্পতির সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের আগে নাবিল তার কয়েকজন বড় বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওই পুকুরে গোসল করতে যায়। সঙ্গীরা পুকুর পাড়ের প্রাচীর থেকে লাফিয়ে পানিতে পড়লেও সাঁতার না জানায় নাবিল ঘাটের কাছেই অবস্থান করছিল। তবে এক পর্যায়ে অসাবধানতাবশত সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। বন্ধুরা বিষয়টি তাৎক্ষণিকভাবে খেয়াল না করায় উদ্ধার তৎপরতা শুরু হতে দেরি হয়।
পরবর্তীতে জুমার নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুকুরে ব্যাপক তল্লাশি চালানো হয়। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর পানির নিচ থেকে নাবিলকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। উদ্ধারের পর তাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় এবং দীর্ঘক্ষণ পানির নিচে থাকায় তার মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিশ্ববিদ্যালয়ের এই পুকুরটি বেশ গভীর হওয়ায় সেখানে শিশুদের নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বড়দের তত্ত্বাবধান ছাড়া শিশুদের এমন জলাশয়ে পাঠানো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।