মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে প্রকাশ্যে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ
ছবিঃ সংগৃহীত

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে প্রকাশ্যে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়ে হাবিবা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট চলাকালীন তিনি কেন্দ্রের সামনে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন এবং দেরিতে প্রতীক পাওয়ায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছিলেন। এসময় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রজব আলী তাকে বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে রজব আলী প্রকাশ্যে হাবিবা বেগমকে পর পর দুটি সজোরে থাপ্পড় মারেন। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথম থাপ্পড় খাওয়ার পর হাবিবা বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং উঠে দাঁড়ালে তাকে আবারও আঘাত করা হয়।

আহত হাবিবা বেগম জানান, চড় মারার পর থেকে তিনি কানে শুনতে পাচ্ছেন না এবং কথা বলতেও কষ্ট হচ্ছে। বিকেল ৪টার দিকে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার বিচার দাবি করে তার প্রধান নির্বাচনী প্রতিনিধি আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে।

অভিযুক্ত বিএনপি নেতা রজব আলী থাপ্পড় মারার কথা স্বীকার করে দাবি করেছেন, ওই নারী ভোটকেন্দ্রের সামনে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করছিলেন এবং নিষেধ করায় তাকে গালি দিয়েছেন। এদিকে রাজশাহীর কাটাখালী থানার ওসি সুমন কাদেরী জানিয়েছেন, বাগ্‌বিতণ্ডার খবর তারা শুনলেও মারধরের কোনো লিখিত অভিযোগ এখনও পাননি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।