রাজশাহীর চারঘাটে মাটি লুটের সংবাদ প্রকাশের জেরে শাহিনুর রহমান সুজন নামে এক সাংবাদিককে পিটিয়ে জবরদখলকারী ও দুর্বৃত্তরা আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে উপজেলা সদরের শহীদ মিনার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত শাহিনুর রহমান সুজন দৈনিক দিনকাল পত্রিকার চারঘাট প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী সাংবাদিক জানান, এলাকায় অবৈধভাবে মাটি লুটের বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকে অভিযুক্তরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। ঘটনার রাতে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে হাত কেটে নেওয়ার হুমকি দেয় এবং একপর্যায়ে তাঁকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এই ঘটনায় শাহিনুর রহমান সুজন চারঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পাঁচজনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন— চারঘাট পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন (৪৮), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি (৪০), হৃদয় ইসলাম (২৬), আশিক ইসলাম (২৫) এবং মো. রকি (৩৪)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে হৃদয় উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলের সহকারী এবং আশিক তাঁর ব্যক্তিগত গাড়িচালক। অন্যদিকে, অভিযুক্ত রকির বাবা কামরুল ইসলাম চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।