অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে রাশিয়া।
শুক্রবার ( ২৭ মার্চ) রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এই বিষয়ে একটি খসড়া সিদ্ধান্ত প্রণয়নের নির্দেশ দিয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম টাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে।
আলেক্সান্দার নোভাক জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। রাশিয়ার জ্বালানির বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকলেও এই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশটিতে তেল পরিশোধনের হার গত বছরের মতোই স্থিতিশীল রয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা পূরণে সহায়ক হবে।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের কিছু অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছিল। সেই সময় জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখতেও কয়েক দফা পেট্রোল ও ডিজেল রপ্তানি স্থগিত করেছিল মস্কো। সরকারি হিসাব অনুযায়ী, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ টন পেট্রোল বিদেশে রপ্তানি করেছে, যার দৈনিক গড় ছিল ১ লাখ ১৭ হাজার ব্যারেল। রাশিয়ার এই সম্ভাব্য সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন করে প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।