বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) সদস্য হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ নিয়ে কারিগরি পর্যালোচনা ও আনুষ্ঠানিক আলোচনা এগিয়ে নিতে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন জোটটির বাণিজ্যমন্ত্রীরা।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত আরসিইপির পঞ্চম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আরসিইপির জয়েন্ট কমিটির (আরজেসি) সুপারিশের ভিত্তিতে ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ইন্দোনেশিয়ার বাণিজ্য উপমন্ত্রী দিয়াহ রোরো এস্তি উইদিয়া পুত্রি ও নিউজিল্যান্ডের পার্লামেন্টের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য কমিটির সদস্য ড. শেন রেটি যৌথভাবে সভাপতিত্ব করেন।
বাংলাদেশের সঙ্গে সদস্যপদের আবেদন করা অন্য তিন অর্থনীতি হলো চিলি, শ্রীলঙ্কা এবং হংকং (চীন)। নতুন ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে এসব আবেদনকারী অর্থনীতির সঙ্গে সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
আসিয়ানভুক্ত ১০টি দেশসহ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড—এই ১৫ অর্থনীতিকে নিয়ে আরসিইপি গঠিত। ২০২২ সালে কার্যকর হওয়া এই বাণিজ্য জোটের সদস্য দেশগুলোর সম্মিলিত অর্থনীতির আকার ২০২৫ সালের হিসাবে প্রায় ৩২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এটি অন্যতম বড় বাজার।
আরসিইপিতে সদস্য হওয়ার আবেদন করার পর নতুন ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন সদস্য দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে প্রবেশ করছে। তবে এই অনুমোদন সদস্যপদ পাওয়ার নিশ্চয়তা নয়। সদস্য হতে হলে বাংলাদেশকে জোটটির নিয়ম, বাজারে প্রবেশাধিকার ও অন্যান্য বাণিজ্যিক শর্ত নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।
এসব আলোচনায় বাংলাদেশের রপ্তানি স্বার্থ, শুল্ক সুবিধা ও দেশীয় শিল্পের সক্ষমতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি আরসিইপির বিভিন্ন বাণিজ্যিক নিয়মের সঙ্গে বাংলাদেশের নীতিমালা ও সক্ষমতার সামঞ্জস্যও নিশ্চিত করতে হবে।
আরসিইপির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নতুন সদস্য অন্তর্ভুক্তির রোডম্যাপ অনুযায়ী আবেদনকারী অর্থনীতিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও কারিগরি কাজ এগিয়ে নেবে ওয়ার্কিং গ্রুপ। এর ফলে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ এবং বাজারে প্রবেশের শর্ত নিয়ে নিজেদের স্বার্থ তুলে ধরার সুযোগ পাবে বাংলাদেশ।
বিশেষজ্ঞদের মতে, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য আরসিইপিতে যোগ দেওয়ার আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমানে পাওয়া বিভিন্ন বাণিজ্য সুবিধার একটি অংশ পরিবর্তিত হওয়ার পর বড় বাজারগুলোতে রপ্তানি ধরে রাখতে নতুন বাণিজ্য সমঝোতার প্রয়োজন হবে। সে ক্ষেত্রে আরসিইপির সদস্যপদ শুল্ক সুবিধা, নতুন বাজারে প্রবেশ এবং আঞ্চলিক সরবরাহব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ বাড়াতে পারে।
বড় আঞ্চলিক বাজারে বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগও তৈরি হতে পারে। তবে এসব সম্ভাবনা কাজে লাগাতে হলে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরসিইপির বাণিজ্যিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য তৈরি করতে হবে। বিশেষ করে আমদানি বাড়লে স্থানীয় শিল্প কতটা প্রতিযোগিতা করতে পারবে, সেটিও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, বৈঠকে অপ্রয়োজনীয় বাণিজ্য বাধা কমানো এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সদস্যদেশগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে আরসিইপি চুক্তির ভবিষ্যৎ পর্যালোচনা ও উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।