শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রিজওয়ানা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একজন মহিলা: মোহসিন রশীদ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রশীদ।

রিজওয়ানা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একজন মহিলা: মোহসিন রশীদ
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রশীদ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তিনি রিজওয়ানা হাসানকে ‘চরম দুর্নীতিগ্রস্ত’ হিসেবে অভিহিত করেন এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে হাইকোর্টে রিট পিটিশন দায়েরের কথা জানান।

ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এর একটি আয়োজনে অংশ নিয়ে মোহসিন রশীদ বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে রিজওয়ানা হাসানের দুর্নীতির যে ভয়াবহ চিত্র উঠে এসেছে, তা অভাবনীয়। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা থাকাকালীন রিজওয়ানা হাসান ক্ষমতার অপব্যবহার করে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন মিশনে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার মৌখিক ও অনানুষ্ঠানিক নির্দেশ দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা প্রজ্ঞাপন ছাড়াই ব্যক্তিগত ফোনে এ ধরনের নির্দেশ দেওয়াকে তিনি চরম অসাংবিধানিক ও ধৃষ্টতাপূর্ণ কাজ বলে মন্তব্য করেন।

মোহসিন রশীদ আরও অভিযোগ তোলেন যে, রিজওয়ানা হাসান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এবং তার স্বামী এলএনজি ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড আইনবহির্ভূতভাবে ভেঙে দিয়ে নিজে সদস্য হওয়ার মতো অনিয়মে তিনি জড়িয়েছেন বলে দাবি করেন এই আইনজীবী। তার মতে, ড. ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কার্যক্রমই ছিল অসাংবিধানিক, যার মধ্যে কর মওকুফ ও নিয়মবহির্ভূত মামলা প্রত্যাহারের মতো বিষয়গুলো অন্যতম।

দেশের বর্তমান প্রেক্ষাপটে এসব অনিয়মের বিচারিক তদন্ত হওয়া জরুরি বলে মনে করেন অ্যাডভোকেট মোহসিন রশীদ। তিনি জানান, পুরো সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিতে একটি ‘কমিশন অব ইনকোয়ারি’ বা তদন্ত কমিশন গঠনের আবেদন জানিয়ে তিনি ইতোমধ্যে হাইকোর্টে রিট দায়ের করেছেন। শিগগিরই এই রিটের শুনানি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশের ব্যাংক খাত লুটপাটসহ সর্বব্যাপী দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, গত সরকারের আমলের এসব অন্যায়ের বিরুদ্ধে উচ্চ আদালত সঠিক দিকনির্দেশনা দেবেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করবেন। খুব অল্প সময়ের মধ্যেই এই রিটের শুনানির তারিখ নির্ধারিত হবে বলেও তিনি উল্লেখ করেন।