পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি দপ্তরগুলোর দৈনন্দিন কার্যক্রমে পরিবর্তন আনছে সরকার। রোজার সময় কর্মঘণ্টা সংক্ষিপ্ত করে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।”
নতুন এ সময়সূচি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান তিনি।
তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা তাদের নিজস্ব প্রয়োজন ও সুবিধা অনুযায়ী রমজানের অফিস সময় নির্ধারণ করবে বলেও জানান প্রেস সচিব।