কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনার পর এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ১০৬২-এর কাছে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মিস্টার আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুস ছালামের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতীয় সীমান্তের দিকে যায়। তারা কাঁটাতারের ওপার দিয়ে গরু, জিরা, মাদক ও কাপড় পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের কূচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরই মধ্যে মিস্টার আলী নামের এক যুবককে আটক করে বিএসএফ সদস্যরা ভারতীয় ভূখণ্ডের দিকে নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
রৌমারী সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘সীমান্ত দিয়ে কম্বল পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল নিক্ষেপ করে। সেই সময় তারা মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘বিষয়টি এখনো আমার জানা নেই। আমরা খোঁজখবর নিচ্ছি।’