সোমবার, 21 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রোল আনছে রাশিয়া

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি ডিপোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে মস্কো।

ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রোল আনছে রাশিয়া
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি ডিপোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে মস্কো।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রাশিয়ার সরকারও জ্বালানি আমদানির বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে ভারত থেকে একটি জাহাজে করে পেট্রোল রাশিয়ায় পৌঁছেছে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ রাশিয়া। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটির জ্বালানি অবকাঠামো বিভিন্ন ধরনের হামলা ও বাধার মুখে পড়েছে। গত কয়েক মাসে রুশ তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার ফলে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়াতেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে নিজেদের চাহিদা পূরণে বিদেশ থেকে পরিশোধিত জ্বালানি আনার পথে হাঁটতে হচ্ছে মস্কোকে।

রয়টার্সকে শিল্প খাতের তিনটি সূত্র জানিয়েছে, ভারত থেকে অন্তত একটি পেট্রোলের চালান ইতোমধ্যে রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে প্রবেশ করেছে। জাহাজ চলাচলের তথ্যেও এর সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে বেলারুশ ও কাজাখস্তান থেকে রেলপথে পেট্রোল আমদানির ব্যবস্থাও করছে রাশিয়া। সংকট মোকাবিলায় দেশটি জ্বালানি রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, রাশিয়া এশিয়া থেকেও ডিজেল আমদানি শুরু করেছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ওমানের পতাকাবাহী একটি ট্যাংকার পোর্ট সাইদের কাছে সমুদ্রে ‘শিপ-টু-শিপ’ পদ্ধতিতে প্রায় ৬৮ হাজার টন পেট্রোল গ্রহণ করে। এর আগে ভারতের ভাদিনার বন্দরে ‘অগ্নি’ নামের একটি ট্যাংকারে পেট্রোলটি তোলা হয়েছিল। জাহাজ চলাচলের তথ্য বলছে, আগস্টের শুরুতে ওই ট্যাংকার রাশিয়ার আর্কটিক বন্দর ভিতিনোতে পৌঁছে পেট্রোল খালাস করে।

যুদ্ধের কারণে নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার অপরিশোধিত তেল তুলনামূলক কম দামে বিক্রি হওয়ায় ভারত দেশটির অন্যতম বড় তেল ক্রেতায় পরিণত হয়েছে। তবে এবার সেই সম্পর্কের ক্ষেত্রে নতুন চিত্র দেখা গেল—রাশিয়াই ভারতের কাছ থেকে পরিশোধিত জ্বালানি কিনছে।

মূলত ইউক্রেনের হামলায় রাশিয়ার নিজস্ব তেল শোধন সক্ষমতা ব্যাহত হওয়ায় দেশটি ভারত থেকে পরিশোধিত পেট্রোল আমদানিতে বাধ্য হয়েছে বলে শিল্প খাতের তথ্য থেকে জানা যাচ্ছে।

শিল্প খাতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ভারত থেকে আরও অন্তত দুটি পেট্রোলের চালান রাশিয়ার বিভিন্ন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার জ্বালানি আমদানির বিষয়টি স্বীকার করেছেন। তবে কী পরিমাণ জ্বালানি এবং কোন কোন দেশ থেকে তা আমদানি করা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে রয়টার্সের প্রত্যক্ষদর্শী ও জ্বালানি সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, মস্কোর বিভিন্ন ফিলিং স্টেশনে আবারও জ্বালানি বিক্রির পরিমাণ সীমিত করা হয়েছে।

রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন রোসনেফট জানিয়েছে, দেশজুড়ে তাদের সব ফিলিং স্টেশনে একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ৩০ লিটার পেট্রোল কিনতে পারবেন।