বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

রুমিন ফারহানার পক্ষে থাকায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মাঠে নামায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির একটি ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রুমিন ফারহানার পক্ষে থাকায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মাঠে নামায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির একটি ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর এবং জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নির্দেশে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে প্রার্থী করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আগেই বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা-কর্মী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, ‘ওই কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সবার সতর্কতা নিশ্চিত করতে ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে জোটগত সিদ্ধান্তে আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়া হলে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে প্রার্থী করা হয়। তিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।