শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
ছবিঃ সংগৃহীত

সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিকেলে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিএফআইইউর পাঠানো চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের লেনদেন, বর্তমান স্থিতি এবং যাবতীয় আর্থিক সংশ্লিষ্টতার তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ মূলত ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করেন। ছাত্র রাজনীতিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। শুরুতে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাও করা হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে গত বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন। প্রথমে তিনি ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন থাকলেও পরবর্তীতে তিনি সরাসরি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার নীতিনির্ধারণী ভূমিকা পালন করছেন।