শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ১৪ বছর পর ন্যায়বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে সাগর সরওয়ারের পরিবার। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন হত্যা মামলার বাদী নওশের রোমান।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনিকে হত্যা করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও সরকার ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো এর কোনো সুরাহা করতে পারেনি। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তদন্তে অগ্রগতি না হওয়ায় হাইকোর্টের নির্দেশে পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। কিন্তু পিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরও হত্যাকাণ্ডের কোনো সমাধান হয়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে।

সাগর-রুনির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পিবিআই গঠনের পরও প্রায় দুই বছর হতে চললেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত, তাদের বিচারের মুখোমুখি করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ উদ্দেশ্যে লিখিত অভিযোগটি রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে অনুরোধ জানিয়েছে পরিবার।