বিশ্বজুড়ে অগণিত ভক্তের প্রিয় তারকা শাহরুখ খানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের নামে ছড়িয়ে পড়া একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে অনলাইন দুনিয়া। মূলত সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানকে ঘিরে এই ঘটনার সূত্রপাত।
আন্তর্জাতিক এই জমকালো আয়োজনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন বলিউডের কিং খান। অনুষ্ঠানের বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়ার মাঝেই হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, হান্দে শাহরুখকে ‘আঙ্কেল’ সম্বোধন করে লিখেছেন যে তিনি তাকে চেনেন না এবং তিনি কেবল তার বন্ধুর ছবি তুলছিলেন। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন শাহরুখের অনুরাগীরা, অনেকে একে অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেন।
তবে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এই বার্তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শাহরুখ ভক্তদের একটি বড় অংশ দাবি করছেন যে, ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটটি সম্পূর্ণ বানোয়াট। আধুনিক প্রযুক্তি বা এআই ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি তৈরি করা হয়েছে বলে তাদের ধারণা। তাছাড়া বর্তমানে হান্দে এরচেলের সামাজিক মাধ্যমের প্রোফাইলে এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত তুর্কি অভিনেত্রী বা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। উল্লেখ্য, এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে শাহরুখ খানকে চিনতে না পারার মতো ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এবারের ঘটনাটি নিছক গুজব নাকি সত্য, তা নিয়ে বিতর্ক চললেও প্রিয় তারকাকে নিয়ে সামান্য নেতিবাচকতাও যে ভক্তরা সহজে মেনে নেন না, এই ঘটনা তারই প্রতিফলন।