বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ভাড়া বাসা থেকে সানজিদা আকতার শান্তনা নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ভাড়া বাসা থেকে সানজিদা আকতার শান্তনা নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের একটি বাসা থেকে তার দেহ উদ্ধার করা হয়। নিহত শান্তনা স্থানীয় সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য খোরশেদ আলমের বাড়িতে মা স্বপ্না খাতুনের সঙ্গে ভাড়া থাকত শান্তনা। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শান্তনার মা স্বপ্না খাতুন জানান, অন্যের বাড়িতে কাজ করে তিনি কষ্ট করে মেয়েকে বড় করছিলেন। অনেক বছর ধরে শান্তনার বাবা শফিকুলের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন, গতকাল মঙ্গলবার শান্তনার এক সহপাঠী তাদের বাসায় এসেছিল। তাদের মধ্যে কী কথা হয়েছিল তা না জানলেও, এরপর থেকেই শান্তনা বেশ বিমর্ষ ছিল। সেই মন খারাপ থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করছেন তার মা।

ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।