বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের

ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে প্রাণনাশের শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়া ছাত্রশিবির কর্মীর ওপর হামলা এবং পরবর্তীতে ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের
ছবি : সংগৃহীত

ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে প্রাণনাশের শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়া ছাত্রশিবির কর্মীর ওপর হামলা এবং পরবর্তীতে ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের কর্মী আব্দুল্লাহ আল মাহমুদকে লক্ষ্যবস্তু বানায়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি শাহবাগ থানায় গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির নেতৃত্বে একদল কর্মী তার ওপর হামলা চালায়। পরবর্তীতে তাকে উদ্ধার করতে যাওয়া ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবি যোবায়ের ও সাহিত্য সম্পাদক মোসাদ্দেক ইবনে মোহাম্মদের ওপরও অতর্কিত আক্রমণ করা হয় এবং তাদের থানায় অবরুদ্ধ করে রাখা হয়। হামলায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া অন্তত ১২ জন সাংবাদিক ছাত্রদল কর্মীদের হামলার শিকার হয়েছেন এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে থানার ভেতরে এ ধরনের সহিংসতাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবে উল্লেখ করেছে ছাত্রশিবির। নেতৃবৃন্দ দাবি করেন, জুলাই অভ্যুত্থানের পর ছাত্রসমাজ যখন একটি সংঘাতহীন ও জ্ঞানভিত্তিক রাজনীতির স্বপ্ন দেখছে, তখন ছাত্রদল পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে ফ্যাসিবাদী ধারার রাজনীতি কায়েম করতে চাইছে।

শিবির নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের ব্যর্থতা আড়াল করতে এবং জনরোষ ভিন্ন খাতে প্রবাহিত করতেই ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। তারা অবিলম্বে শাহবাগ থানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে।