জাতীয় সংসদের বর্তমান কার্যক্রম সংবিধান ও প্রথার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
রোববার ২৯ মার্চ সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, কোনটি সাংবিধানিক আর কোনটি অসাংবিধানিক—এই অমীমাংসিত বিতর্কের মাঝেই এখন সংসদের সময় অতিবাহিত হচ্ছে।
স্পিকারের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদীয় রীতিনীতি অনেক সময় শাসকদের সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করা হয়। যখন কোনো নিয়ম তাদের অনুকূলে থাকে তখন তাকে আইন বলা হয়, আর বিপক্ষে গেলেই তাকে প্রথা বা কাস্টম হিসেবে অভিহিত করা হয়। তিনি মনে করেন, সাধারণ সদস্য এবং স্পিকার উভয়ই মাঝে মাঝে এই নিয়মের বেড়াজালে আটকা পড়ে যান, যা সংসদীয় গণতন্ত্রের বাস্তব চিত্রকে প্রতিফলিত করে।
এদিকে, সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে আজ সংসদ অধিবেশন বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দীর্ঘ সময় ধরে বাদানুবাদ ও বাকবিতণ্ডা চলে। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সংসদীয় কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যায়।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আলোচনার সূত্রপাত করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অনতিবিলম্বে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। একইসাথে তিনি আজকের নির্ধারিত ৭১ বিধি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা স্থগিত রেখে সংবিধান সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্পিকারের প্রতি জোরালো আহ্বান জানান।