সারা দেশে বৃক্ষরোপণ অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ নিশ্চিত করতে গঠিত বিশেষ সেলের এই সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে দেশজুড়ে ২৫ কোটি চারা রোপণের কর্মপরিকল্পনা ও এর বর্তমান অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, এই বিশাল সংখ্যক চারা সরকারি নার্সারির পাশাপাশি বিভিন্ন বেসরকারি উৎস থেকেও সংগ্রহ করা হবে। সারা দেশের চরাঞ্চল, খাসজমি, নদীতীরবর্তী এলাকা, সড়ক ও মহাসড়কের দুই পাশ এবং বনবিভাগের বৃক্ষহীন স্থানে এই রোপণ কার্যক্রম চালানো হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের আঙিনাতেও গাছ লাগানো হবে। বিশেষ উদ্যোগ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির নিয়মিত পরিচর্যা করার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সভায় বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।