শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

সারাদেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নিরাপত্তা এবং নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্য সারাদেশে যৌথবাহিনীর সমন্বিত অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

সারাদেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান
সংগৃহীত ছবি

 আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নিরাপত্তা এবং নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্য সারাদেশে যৌথবাহিনীর সমন্বিত অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় তিনি জানান, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে। একই সঙ্গে ওই পরিপত্রের গুরুত্বপূর্ণ দিকগুলো সভায় উপস্থিত ব্যক্তিদের সামনে তুলে ধরেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, এখন থেকে সারা দেশে যৌথবাহিনীর অভিযান চালু হবে। এ লক্ষ্যে সব বাহিনীর প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।

অভিযানের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ হচ্ছে- সেগুলো উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার না হয়—সে বিষয়টি নিশ্চিত করা।
দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে বড় ধরনের কোনো লঙ্ঘন হলে তা যৌথবাহিনী নজরদারি করবে। ছোটখাটো ব্যত্যয়গুলো নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো দেখবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।