শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, চরম বিতর্কে কনটেন্ট ক্রিয়েটর

শাশুড়ির মৃত্যু এবং শেষকৃত্যের দৃশ্য ধারণ করে ভিডিও (ভ্লগ) প্রকাশের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়া প্রবাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। ‘প্রবাসে ঘরকন্না’ চ্যানেলের মাধ্যমে পরিচিত এই ভ্লগারের ব্যক্তিগত এবং অত্যন্ত স্পর্শকাতর মুহূর্ত ক্যামেরাবন্দি করার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে।

শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, চরম বিতর্কে কনটেন্ট ক্রিয়েটর
ছবিঃ সংগৃহীত

শাশুড়ির মৃত্যু এবং শেষকৃত্যের দৃশ্য ধারণ করে ভিডিও (ভ্লগ) প্রকাশের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়া প্রবাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। ‘প্রবাসে ঘরকন্না’ চ্যানেলের মাধ্যমে পরিচিত এই ভ্লগারের ব্যক্তিগত এবং অত্যন্ত স্পর্শকাতর মুহূর্ত ক্যামেরাবন্দি করার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে।

সম্প্রতি শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে মহুয়া ও তার স্বামী মানিক গঙ্গোপাধ্যায় সপরিবারে ক্যালিফোর্নিয়া থেকে দেশে আসেন। শোকাবহ এই সময়েও মহুয়া তার ভিডিও ধারণ অব্যাহত রাখেন। হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে আনা, স্বজনদের কান্নাকাটি এবং শ্মশানে শেষকৃত্যের দৃশ্যগুলো তিনি ভ্লগ আকারে ইন্টারনেটে প্রকাশ করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের একটি বড় অংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেকের মতে, মানুষের ব্যক্তিগত দুঃখের মুহূর্ত এভাবে প্রচার করা রুচিহীনতার পরিচয়। বিশেষ করে ভিডিওর এক পর্যায়ে শ্মশানের চুল্লিকে ‘কেক ওভেনের’ সাথে তুলনা করার বিষয়টি সাধারণ দর্শকদের কাছে অত্যন্ত অসংবেদনশীল মনে হয়েছে। সমালোচকদের দাবি, কেবল ভিউ এবং প্রচারের নেশায় শোকের মতো আবেগকে পণ্য বানানো হয়েছে।

তবে মহুয়া গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি যুক্তি দেখান যে, তার দীর্ঘদিনের দর্শকদের তিনি পরিবারের সদস্য মনে করেন, তাই জীবনের সব ভালো-মন্দের অংশীদার করতেই এই ভিডিও বানিয়েছেন। এছাড়া পরিবারের বয়োজ্যেষ্ঠদের অনুমতি নিয়ে স্মৃতিরক্ষার উদ্দেশ্যেই ভিডিওটি করা হয়েছে বলে তিনি জানান।

বিতর্ক নিরসনে মহুয়া আরও জানিয়েছেন যে, এই ভিডিওটি থেকে অর্থ উপার্জনের কোনো উদ্দেশ্য তার নেই। সে কারণে ইউটিউবে ভিডিওটির মনিটাইজেশন অর্থাৎ বিজ্ঞাপন থেকে আয়ের সুবিধাটি তিনি বন্ধ করে রেখেছেন। এমনকি ফেসবুক থেকে আয়ের সুযোগ থাকায় সেখানেও তিনি ভিডিওটি আপলোড করেননি বলে দাবি করেন।