আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর মধ্যে ১৭৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, জেলার মোট ৬০৯টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৩,৪১০টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৩,২৮১টি এবং অস্থায়ী ১২৯টি। গুরুত্বপূর্ণ ১৭৯টি কেন্দ্রের পাশাপাশি বাকি ৪৩০টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সদর ও দেবহাটা উপজেলায় (সাতক্ষীরা-২ আসন) সর্বোচ্চ ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে শ্যামনগর উপজেলায় (সাতক্ষীরা-৪ আসন), ৯৬টির মধ্যে ২৯টি।
জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, জেলার চারটি আসনে মোট ভোটার রয়েছেন ১৮ লাখ ৩২,৭৭৫ জন। এর মধ্যে ৯ লাখ ১৭,৮৪৮ জন পুরুষ, ৯ লাখ ১৪,৯১৪ জন মহিলা এবং ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন।
প্রতিটি আসনের ভোটকেন্দ্রের বিভাজনঃ
-
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): ১৬৮ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৫০, সাধারণ ১১৮
-
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): ১৮০ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৬০, সাধারণ ১২০
-
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): ১৬৫ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৪০, সাধারণ ১২৫
-
সাতক্ষীরা-৪ (শ্যামনগর): ৯৬ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ২৯, সাধারণ ৬৭
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “জেলার সব ৬০৯টি ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা বসানো হবে। এর কাজ ইতোমধ্যে ৭৫–৮০ শতাংশ শেষ হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে।”
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণে শুধু ঝুঁকি নয়, কেন্দ্রের দূরত্ব ও ভবনের অবস্থা বিবেচনা করা হয়েছে। জেলার সব আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।