শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

সব চেষ্টা ব্যর্থ, ট্রেনের ধাক্কায় আহত হাতিটি মারা গেল

সিলেটে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত একটি হাতির জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত প্রাণীটিকে রক্ষা করা যায়নি।

সব চেষ্টা ব্যর্থ, ট্রেনের ধাক্কায় আহত হাতিটি মারা গেল

সিলেটে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত একটি হাতির জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত প্রাণীটিকে রক্ষা করা যায়নি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আহত হাতিটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান এবং চিকিৎসায় যুক্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ।

বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাতিটি মারা যায়। তিনি বলেন, 'সোমবার খাদ থেকে উদ্ধারের পর হাতিটিকে আমরা মালিকের কাছে হস্তান্তর করেছিলাম। কিন্তু গুরুতর আহত হওয়ায় তাকে ওই এলাকা থেকে সরানো সম্ভব হয়নি। সেখানেই সে আজকে মারা যায়।'

অধ্যাপক সুলতান আহমদ জানান, ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতিটির মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে, যার ফলে পেছনের অংশ সম্পূর্ণ অবশ হয়ে যায়। এতে প্রাণীটিকে দাঁড় করানো সম্ভব হয়নি।

তিনি বলেন, 'আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছিলাম। হাতিটির চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও আসেন। তবে সব চেষ্টা বিফল করে দিয়ে দুপুরে হাতিটি মারা যায়।'

চিকিৎসক দল জানিয়েছে, একই স্থানে দীর্ঘ সময় পড়ে থাকায় হাতিটির পেট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইনের পাশে একটি খাদে পড়ে যায় হাতিটি। পরে রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণীটিকে উদ্ধার করে ডাঙায় তোলা হয়। এরপর থেকেই হাতিটি সেখানেই অবস্থান করছিল।

স্থানীয় প্রশাসন ও বন বিভাগের তথ্য অনুযায়ী, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা কামরুল ইসলাম। কয়েকদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাতিটিকে সিলেটে আনা হয়েছিল। শনিবার রাত ১০টার দিকে মাহুত হাতিটিকে নিয়ে শিববাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন, এ সময় ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মাহুতও আহত হন। পেছনের পা ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের কারণে হাতিটি আর উঠে দাঁড়াতে পারেনি।