বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের দীর্ঘদিনের বিতর্কিত ইস্যুতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নির্ধারিত জমি দ্রুত বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে।
বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও এ ইস্যুতে সরব ছিল বিজেপি।
মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন সরকারের নেতৃত্বে রয়েছেন মমতার সাবেক ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে সীমান্তবর্তী নয়টি জেলায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তরের নির্দেশ দেয়। আদালত এ কাজ শেষ করতে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছিল।