শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়ায় এক ধাপ এগোল সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তন করে যথাক্রমে শহীদ ওসমান হাদী হল এবং ক্যাপ্টেন সিতারা পারভীন হল রাখার প্রস্তাব সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়ায় এক ধাপ এগোল সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তন করে যথাক্রমে শহীদ ওসমান হাদী হল এবং ক্যাপ্টেন সিতারা পারভীন হল রাখার প্রস্তাব সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,
“চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিনেট। সিন্ডিকেট এই নাম পরিবর্তনের প্রস্তাব সিনেটে পাঠিয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্তই শেষ কথা নয়। প্রক্রিয়াটি এগিয়ে যাচ্ছে—একটি ধাপ সম্পন্ন হয়েছে।”

বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

একই সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির ব্লু প্যানেলের চারজন শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তের অভিযোগ (চার্জ) গঠন করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত চার শিক্ষক হলেন— অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম এবং অধ্যাপক মশিউর রহমান। তারা সবাই আওয়ামী লীগের শিক্ষক নেতা হিসেবে পরিচিত।

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আরও জানান,
“তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কেন এসব অভিযোগ আনা হয়েছে এবং কেন তাদের বরখাস্ত করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হবে। জবাব পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু হবে। এখনো কাউকে বরখাস্ত করা হয়নি, তবে বরখাস্তের প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযোগ গঠন করা হয়েছে।”

এই সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিগত অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।