শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

তারেক রহমানের সফর ঘিরে নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল। ম্যানহাটনের ইস্ট রিভার পার্কে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী বাদল মির্জার নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমানের সফর ঘিরে নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল। ম্যানহাটনের ইস্ট রিভার পার্কে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী বাদল মির্জার নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ স্বপন, ইব্রাহিম খলিল জনি, ওসমান গণি, মাহমুদুর রহমান, শাহাদাত রহমান ও ওবায়দুল হক কচিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শেষ পর্যন্ত মাঠে থেকে কাজ করবেন। একই সঙ্গে কোনো অপশক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেউ দলীয় কর্মসূচি বাধাগ্রস্ত কিংবা বিভ্রান্ত করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সফরকে সফল করতে সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে সক্রিয় থাকার কথাও জানান তারা।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। আগামী ২১ সেপ্টেম্বর তাঁর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর সম্মানে নাগরিক সংবর্ধনারও আয়োজন করা হবে।

এ ছাড়া ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র এবং যুক্তরাষ্ট্র বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবার তাঁর সফরকে স্মরণীয় করে তুলতে এবং দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে।

সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা ইতোমধ্যে অনলাইনে বিশেষ ভার্চুয়াল যৌথ প্রস্তুতি সভাও করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে এসে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বলে জানা গেছে।