সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নিতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়ালেন মো. তারিকুল ইসলাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) সকালে অ্যাটর্নি জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তারিকুল ইসলাম। চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ ও নির্বাচনি প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেন।
তিনি জানান, ২০২৬-২৭ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচনি বিধি মেনে চলার স্বার্থে সরকারি পদ থেকে সরে দাঁড়ানোকে তিনি প্রয়োজনীয় মনে করেছেন।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।”
তিনি যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগপত্র গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন।
আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।