অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব খুব শিগগিরই জনসম্মুখে আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের মেয়াদকাল শেষ হওয়ার আগেই উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, “আমি আবারও বলছি—একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদ বিবরণী জমা দিয়েছেন। এক–দুদিনের মধ্যেই এগুলো প্রকাশ করা হবে।”
বর্তমানে উপদেষ্টা পরিষদে মোট ২১ জন সদস্য রয়েছেন। পাশাপাশি আরও নয়জন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের অঙ্গীকার করলেও এ পর্যন্ত কোনো বিবরণী প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, আগামীকাল অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক শেষ কার্যদিবস নির্ধারিত রয়েছে।