ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই বৈঠকে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
জোটের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল ও তোফাজ্জল হোসেন মিয়াজি। এছাড়া জোটের শরিক দলগুলোর মধ্য থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ঢাকা উত্তরের সেক্রেটারি এম আবদুল ওয়াজেদ, এলডিপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যক্ষ এম মাহবুবুর রহমান এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলফাত হোসাইন বৈঠকে প্রতিনিধিত্ব করেন।
বৈঠক সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল প্ল্যাটফর্মে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে নেতারা আশঙ্কা প্রকাশ করেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এসব অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।