সিরাজগঞ্জের রায়গঞ্জে দায়িত্ব পালনকালে মামুনুর রশিদ নামে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) মারধরের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার সন্ধ্যার দিকে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন— চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের মনিরুল ইসলাম এবং কোদলাদিগি এলাকার জাহাঙ্গীর আলম। এর আগে শনিবার সন্ধ্যায় ষোলমাইল এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে এই হামলার শিকার হন এএসআই মামুনুর রশিদ।
ঘটনার বিবরণে জানা যায়, এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্সসহ মামলার আসামি গ্রেফতারে অভিযানে যান। সেখানে আসামিপক্ষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পেছন থেকে জনৈক ব্যক্তি লাঠি দিয়ে পুলিশ কর্মকর্তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় এএসআই দেওয়ান আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।