শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

শিশু ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশু ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী হেফাজতে নেয়। গ্রেপ্তারকৃত মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং সাবেক জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৮ মার্চ বিকেলে ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে একা রেখে তার মা বাইরে যান। এই সুযোগে প্রতিবেশী সম্পর্কে দাদা হওয়া মাসুদুর রহমান মাসুদ শিশুটিকে একা পেয়ে পৈশাচিক নির্যাতন চালায়। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তবে মা বাড়িতে ফেরার পর শিশুটি সম্পূর্ণ ঘটনা বিস্তারিত খুলে বলে।

ঘটনার দিন রাতেই শিশুর মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে ৩০ মার্চ নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত এই নেতা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে বুধবার বিকেলে মেলান্দহ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।