শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে তার তাৎক্ষণিক প্রভাব দেখা দিতে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ১১টি ইরানি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।

সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ
মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে ইরানের বাণিজ্যিক জাহাজ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে তার তাৎক্ষণিক প্রভাব দেখা দিতে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ১১টি ইরানি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

চলাচল করা জাহাজগুলোর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।

নতুন সমঝোতার শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের বিরুদ্ধে আরোপিত সব ধরনের নৌ-অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে শুল্কমুক্ত ও নিরাপদ চলাচলের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।