প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিং হয়তো আজই শেষ হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, গত ১৮ মাস ধরে সংবাদমাধ্যমকে দ্রুততম সময়ে তথ্য জানাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষাপটে সরকারের অবস্থান কী, তা নিয়মিতভাবে সাংবাদিকদের অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ওই পেজে এমন কোনো তথ্য নেই যা শেয়ার করা হয়নি। সব মিলিয়ে পেজটি অন্তত ২০ কোটি বার ভিউ হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রেস ব্রিফিংগুলোতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অধিকাংশ সময়ই সব প্রশ্ন নেওয়া হয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে যত প্রশ্ন এসেছে, সেগুলোর উত্তর দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
এ সময় প্রেস উইংয়ের আরেক সদস্য আজাদ মজুমদার বলেন, সাংবাদিকদের সহযোগিতা করার পাশাপাশি তাদের কাছ থেকেও সহযোগিতা পাওয়া গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সপ্তাহে হয়তো তারা টেবিলের অন্য পাশে সাংবাদিকদের সঙ্গেই অবস্থান করবেন।
প্রেস উইংয়ের সদস্য ফয়েজ আহমদ বলেন, তিনি সবসময় সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারও আচরণে কষ্ট পেয়ে থাকলে সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে।