ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ আপাতত স্থগিত রাখতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বিশেষ করে মধ্যবিত্তদের উদ্দেশ্যে বলেন, বিদেশে ঘুরতে যাওয়া, বিয়ে আয়োজন কিংবা অবকাশ যাপন সাময়িকভাবে পিছিয়ে দেওয়া উচিত। মোদির ভাষায়, বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে এ ধরনের ব্যয় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, ‘বিদেশে বিয়ে করা, বিদেশে ঘুরতে যাওয়া আর বিদেশে ছুটি কাটানোর সংস্কৃতি মধ্যবিত্তের মধ্যে বাড়ছে। এই সংকটের সময়ে অন্তত এক বছর বিদেশ ভ্রমণ পেছানো উচিত।’
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে ইতোমধ্যেই ভারতীয় অর্থনীতি চাপে পড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, সরবরাহ কমে যাওয়া এবং জ্বালানি বাজারে অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির কারণে ভারত সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দেশটির আমদানি করা অপরিশোধিত তেলের বড় অংশ এই পথ দিয়েই আসে।
এদিকে চলমান সংকটে মালবাহী জাহাজের ভাড়া ও বিমা ব্যয় বেড়ে গেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও ঊর্ধ্বমুখী থাকায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।