ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হিসেবে সংরক্ষিত নারী আসনের ১১টি সদস্যপদ পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৬৮টি আসনের বিপরীতে প্রাপ্ত এই কোটা থেকে ইতোমধ্যে ১০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দলের একজন সহকারী সেক্রেটারি এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র মতে, ১১ জনের চূড়ান্ত এই তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এবারের মনোনয়ন তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের দুইজন বিশিষ্ট নারীকেও অন্তর্ভুক্ত করে চমক রেখেছে দলটি।
ইতোমধ্যে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু। এছাড়া অঞ্চলভিত্তিক সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজকে মনোনীত করা হয়েছে।
দলীয় পদের বাইরে জামায়াতের কোটা থেকে জোটের শরিক জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুও মনোনয়ন লাভ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংরক্ষিত এই আসনগুলোর জন্য প্রার্থী নির্বাচনে দলের অভ্যন্তরে দীর্ঘ যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাকি একজনের নামসহ পূর্ণাঙ্গ তালিকাটি নির্দিষ্ট সময়েই প্রকাশ করা হবে।