শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বুধবার (৮ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তফসিল তুলে ধরেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল।

নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানকে। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সংসদের সাধারণ আসনে নির্বাচিত সদস্যরাই সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনে ভোট দেন। বিদ্যমান আইন অনুযায়ী, দল বা জোটগুলো তাদের প্রাপ্ত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হয় না বললেই চলে। ফলে প্রার্থিতা প্রত্যাহারের দিনই অনেক ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান।

বর্তমান আইনের বিধান অনুযায়ী, সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন সাধারণ নির্বাচনে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে বণ্টন করা হয়। এবারের বণ্টনে বিএনপি জোট পেয়েছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোটের ভাগে পড়েছে একটি আসন।